হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেল ট্যাংকারে আগুন
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেল ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আলজাজিরার প্রতিবেদনে ইরানি সামরিক বাহিনীর তথ্যের ভিত্তিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো তাদের সমস্ত রাডার ও নেভিগেশন (নৌ-চলাচল) সিস্টেম বন্ধ রেখে আইআরজিসি নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। এরপর তারা নিষিদ্ধ ‘অননুমোদিত’ দক্ষিণ রুট দিয়ে পার হওয়ার চেষ্টা করার সময় মাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর ট্যাংকারগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এই ঘটনায় সাগরে পরিবেশগত ঝুঁকির কথা উল্লেখ করে আইআরজিসির নৌবাহিনী বিভাগ জানিয়েছে, অননুমোদিত রুটে নৌ-মাইনের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ধরনের নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করার জন্য ট্যাংকার মালিক ও নাবিকেরাই সম্পূর্ণ দায়ী থাকবেন।
একইসঙ্গে শিপিং অপারেটর বা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে আইআরজিসি বলেছে, তারা যেন সাইবার স্পেসে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ‘বিভ্রান্তিকর তথ্যে’ প্ররোচিত না হয়। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানায়, হরমুজ প্রণালির নিয়মকানুন অমান্য করে নেওয়া যেকোনো ‘উসকানিমূলক পদক্ষেপের’ বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক