যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক চুক্তি ভঙ্গের অভিযোগ ইরানের
ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন হামলার পর ওয়াশিংটনের বিরুদ্ধে একাধিক ধারায় সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর চুক্তিকে আরও বড় বিবাদের মুখে ঠেলে দিয়েছে। মূলত বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) এক বিবৃতিতে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ইরানি ভূখণ্ডে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা মূলত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ছিল।
আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের নৌযান বা জাহাজ চলাচল অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমেই করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্বিতীয় বিবৃতিটি প্রকাশ করেছে। তারা সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদ-এর ওপর জোর দিয়ে বলেছে, এই ধারা অনুযায়ী সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ বা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন এই হামলা সেই মূল প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন।
বর্তমানে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই সমঝোতা স্মারকের শর্ত ও ধারাগুলোর নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে এবং একে অপরের ওপর দায় চাপাচ্ছে। ফলে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও অধিকারের বিষয়টিই এখন দুই দেশের চুক্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বা ‘স্টিকিং পয়েন্ট’ হয়ে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক