পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রধান বন্দরনগরী করাচিতে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি বিকট বিস্ফোরণের পর তীব্র গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যরা করাচির মোসামিয়াত চৌরঙ্গি এলাকার চারপাশের রাস্তাগুলো অবরুদ্ধ ও ঘেরাও করে ফেলে। খবর বার্তা সংস্থা এএফপির।
সিন্ধু প্রদেশের রাজধানী করাচির মোসামিয়াত চৌরঙ্গি এলাকায় প্রথমে একটি বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং এর পরপরই সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা যেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেখানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
পাকিস্তানের জরুরি জরুরি সেবা প্রদানকারী সংস্থা ‘এধি ফাউন্ডেশন’ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনার বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন।
এক বিবৃতিতে সৈয়দ মুরাদ আলী শাহ বলেন, পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো উচিত, ঘটনার আসল কারণ ও ধরন নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া দরকার।

এনটিভি অনলাইন ডেস্ক