সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামের ক্যামেল সিগারেট কোম্পানির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানসহ ছিনতাই ও গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা