কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৩
কানাডার মন্ট্রিল শহরে এক বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ জুন) দুপুরে সংঘটিত এ হামলায় নিহতদের একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছেন। ঘটনাটি শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই ঘটনাটি ঘটেছে আংশিকভাবে ইহুদি অধ্যুষিত একটি এলাকায়। গুলিতে নিহত বেসামরিক ব্যক্তি মন্ট্রিলের ইহুদি সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর এএফপির।
তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও-কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত ‘ইনসেল’ মতাদর্শের যোগসূত্র থাকতে পারে। নারীবিদ্বেষী এই চরমপন্থী মতাদর্শ ২০১৮ সালে টরন্টোতে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ১০ জনকে হত্যাকারী কানাডার অন্যতম ভয়াবহ গণহত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিকে ইন্ধন জুগিয়েছিল।
‘ইনসেল’ শব্দটির অর্থ ‘অনিচ্ছাকৃতভাবে অবিবাহিত বা সঙ্গীহীন’। সাধারণত কিছু পুরুষ নিজেদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ার হতাশা থেকে এই ধরনের চরমপন্থী ও নারীবিদ্বেষী চিন্তাধারায় জড়িয়ে পড়ে।
মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাগার ঘটনাটিকে ‘একটি মর্মান্তিক ট্র্যাজেডি’ এবং বেদনাদায়ক, হিসেবে বর্ণনা করেছেন।
ফাদি দাগার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মন্ট্রিয়লের কোট-দে-নেইজ এলাকায় সক্রিয় বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাগার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলি শুরু হয় এবং হামলাকারী একটি ভবনের ভেতর থেকে লম্বা বন্দুক দিয়ে গুলি চালায়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফ্র্যাঙ্ক ভোগাস এএফপিকে বলেন, তিনি ওই এলাকায় একটি দোকানে রং কিনছিলেন, এমন সময় গুলির শব্দ শুনতে পান।
৭১ বছর বয়সী ভোগাস বলেন, হঠাৎ দেখি চারদিক থেকে পুলিশ ছুটে আসছে এবং অস্ত্র তাক করছে। তিনি জানান, পুলিশ দোকানে থাকা সবাইকে মেঝেতে নিচু হয়ে থাকতে নির্দেশ দেয়।
আরেক প্রত্যক্ষদর্শী ড্যানি উইল্ক বলেন, তিনি নিজের বাড়ির কাছের রাস্তায় ছিলেন, যখন প্রথমে একটি এবং পরে একাধিক গুলির শব্দ শুনতে পান।
ড্যানি উইল্ক বলেন, আমি পাশের একটি পিৎজার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। তখন দেখি সামরিক পোশাক পরা এক ব্যক্তি অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে, যেন গুলি চালানোর জন্য প্রস্তুত।
পুলিশ প্রধান দাগের বলেন, একজন পুরুষ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একজন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ লামিন বেনরেদুন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)