৩০ হাজার পিস ইয়াবা গায়েবের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযানের আড়ালে একটি মিনি ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা গায়েবের অভিযোগ উঠেছে সাতকানিয়া থানার দুই কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় একই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া-কেয়াজুপাড়া সড়কের এমচর হাটের অদূরে আব্দুর রাজ্জাক সওদাগরের দোকানের সামনে পুলিশের জ্যাকেট পরিহিত কয়েকজন ব্যক্তি একটি মিনি ট্রাক আটক করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলে এসে মিনি ট্রাকটি কেরানিহাটের দিকে নিয়ে যান।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়িটি আটকের পর তাতে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা গায়েবের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় টমটমচালক মোহাম্মদ শাকিল বলেন, আমি কয়েকজনের সঙ্গে দোকানে বসে ছিলাম। তখন দেখি, খুব তাড়াহুড়া করে একটি নোহা গাড়ি ও মোটরসাইকেল থেকে নেমে পুলিশের জ্যাকেট পরা কয়েকজন একটি মিনি ট্রাক আটক করে নিয়ে যাচ্ছেন।
মিনি ট্রাকের চালক নাসিরের অভিযোগ, লোহাগাড়ার পুটিবিলায় গাড়িটি আটক করে তাকে হাতকড়া পরানো হয়। পরে গাড়িতে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা তারা বের করে নিয়ে যায়। এ ঘটনায় সাতকানিয়া থানার কনস্টেবল মহসিন ও ফয়েজ জড়িত বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পরে তাকে গাড়িসহ এসআই মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, ইয়াবা পরিবহনের তথ্য পেয়ে কেরানিহাট এলাকায় অবস্থান নিয়েছিলেন এসআই মাহবুবুর রহমান। কিন্তু গাড়িটি তার কাছে পৌঁছানোর পর তল্লাশি না করেই ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, ভিডিও ফুটেজে থাকা পুলিশ সদস্যদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। এতে প্রশ্ন উঠেছে, তিনি কার কাছ থেকে গাড়িটি বুঝে নিয়েছিলেন এবং ইয়াবা পরিবহণের তথ্য থাকার পরও কেন গাড়িটি তল্লাশি করা হয়নি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাকে সার্কেল স্যার দেখিয়েছেন। যেহেতু এই অভিযান সম্পর্কে আমাকে কেউ জানায়নি। তাই এ বিষয়ে আমি কোনো কথা বলব না।
এদিকে, গাড়ির মালিকপক্ষের প্রতিনিধি জাবেদ জাহাঙ্গীর রিপন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনে ইয়াবা গায়েবের অভিযোগ তুলেছেন। চালক নাসিরের দাবি, গাড়িটি আটকের পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে কনস্টেবল মহসিন ও ফয়েজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ রকম কিছু হয়ে থাকলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম