নেতানিয়াহুকে অকথ্য ভাষায় ‘গালাগাল’ করলেন ট্রাম্প
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরম ভাষায় গালমন্দ ও চাপ প্রয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ জুন) টেলিফোন সংলাপে ট্রাম্প তীব্র ক্ষোভ উগরে দিয়ে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, কারাগারের ভাত খাওয়া থেকে বাঁচানোর জন্য নেতানিয়াহু তার কাছে ঋণী।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ট্রাম্পের সেই বিস্ফোরক বক্তব্যের তথ্যটি সামনে এনেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সেই ফোন কলের বার্তাটি ছিল অত্যন্ত কড়া ও আক্রমণাত্মক। মার্কিন কর্মকর্তা ট্রাম্পের বার্তাটির সারসংক্ষেপ তুলে ধরে জানান, ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশে বলেন— তুমি একটা আস্ত উন্মাদ। আমি না থাকলে আজ তুমি কারাগারে পচতে। আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। অথচ তোমার এই কর্মকাণ্ডের কারণে আজ সবাই তোমাকে ঘৃণা করছে। পুরো বিশ্ব এখন ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে অনবরত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তেল আবিবের এর জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে—সে বিষয়ে ট্রাম্প অবগত। তবে তিনি বিশ্বাস করেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে যে মাত্রার অতিরিক্ত ও অসমুপাতিক হামলা চালিয়েছে, তা ওয়াশিংটনের শান্তি প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলেছে।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের চেষ্টা করছে। আর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ বা যুদ্ধবিরতি না হলে তারা কোনো চুক্তিতে যাবে না। ফলে ইরানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি সফল করতেই ট্রাম্প ইসরায়েলকে থামানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্পের এমন রুক্ষ ও একতরফা আক্রমণের মুখে কার্যত নতি স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্পের তীব্র বকাঝকার পর নেতানিয়াহু কিছুটা দমে যান। তিনি বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করুন যেন সবকিছু ঠিকঠাকভাবে সামলানো হয়।’
ফোনালাপে ট্রাম্পের মুখে নেতানিয়াহুকে ‘কারাগার থেকে বাঁচানোর’ যে দাবি উঠেছে, তার পেছনে একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদি দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি আছেন। ট্রাম্প ইতোপূর্বে একাধিকবার জনসমক্ষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগার কাছে দাবি জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই দুর্নীতি মামলা থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ফোনালাপে ট্রাম্প মূলত সেই রাজনৈতিক চাপের কথাই নেতানিয়াহুকে মনে করিয়ে দিয়েছেন।
এদিকে এই তুমুল তোলপাড় করা ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক