বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বড় দরপতনের পর আজ বুধবার (২০ মে) স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার আভাস পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। এতে মুদ্রাস্ফীতির ভয় কমায় মার্কিন ট্রেজারি ইল্ড (বন্ডের মুনাফা) সর্বোচ্চ পর্যায় থেকে নিচে নেমে এসেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স কাঁচা স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে চার হাজার ৪৯৯.৭২ ডলারে দাঁড়িয়েছে। অথচ আজ দিনের শুরুর দিকেই স্বর্ণের দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫০২.১০ ডলারে দাঁড়িয়েছে।
ধাতু ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচারস’-এর পরিচালক ডেভিড মেগার বলেন, ট্রেজারি ইল্ড বা বন্ডের মুনাফা যেভাবে টানা বাড়ছিল, তা আপাতত কিছুটা থমকে গেছে। এর ফলেই স্বর্ণের দাম সাম্প্রতিক সর্বনিম্ন স্তর থেকে আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নোটের মুনাফা গতকাল মঙ্গলবার (১৯ মে) এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আজ কিছুটা কমেছে। সাধারণত বাজারে সুদের হার বা বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না।
মেগার আরও যোগ করেন, চলমান যুদ্ধ বন্ধ হওয়া বা হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার মতো যেকোনো সমাধান স্বর্ণের বাজারের জন্য ভালো খবর। কারণ যুদ্ধ থামলে সুদের হার কমার সম্ভাবনা তৈরি হবে, যা স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ‘ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে’ বলে মন্তব্য করার পর বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিনিয়োগকারীরা এখনো শান্তি আলোচনার ফলাফলের দিকে সতর্ক নজর রাখছেন। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে ও তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার উচ্চ রাখতে হয়, যা স্বর্ণের বাজারের জন্য ক্ষতিকর।
বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার রিপোর্টের অপেক্ষায় আছেন, যা আজ বুধবারই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই রিপোর্ট থেকে আগামী দিনে সুদের হার কেমন হবে, তার একটা ধারণা পাওয়া যাবে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ কিছুটা বেড়েছে। আজ স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫.২৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে এক হাজার ৯৩২.৩৭ ডলার হয়েছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে এক হাজার ৩৫২.৭৫ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক