ইরানে ফের সামরিক অভিযান শুরুর কথা ভাবছেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক অভিযান শুরুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় সোমবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে স্থগিত থাকা সামরিক পদক্ষেপ পুনরায় চালুর বিষয়ে ট্রাম্পের আগ্রহ বেড়েছে। এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভক্তি নিয়ে ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে পড়ছেন। খবর আনাদোলুর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়াকে ট্রাম্প ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি বলব যুদ্ধবিরতি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের জবাবের পর মার্কিন কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে- তেহরান আদৌ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আন্তরিক কি না।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন এবং প্রশাসনের কিছু অংশ ট্রাম্পকে আরও কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছে। এর মধ্যে ইরানের অবস্থান দুর্বল করতে লক্ষ্যভিত্তিক হামলার প্রস্তাবও রয়েছে, যাতে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়।
তবে প্রশাসনের আরেকটি অংশ এখনও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে রয়েছে।
সিএনএন জানায়, পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশ ইরানকে বার্তা দিয়েছে যে ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে এবং কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করার এটিই শেষ সুযোগ হতে পারে। কিন্তু ইরান এখন পর্যন্ত সেই সতর্কবার্তায় সাড়া দেয়নি।
এদিকে সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের সামরিক বাহিনী ‘যেকোনো আগ্রাসনের জবাবে স্মরণীয় শিক্ষা দিতে প্রস্তুত।’
গালিবাফ বলেন, ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই তা বুঝতে পেরেছে।
গালিবাফ আরও সতর্ক করে বলেন, ইরান ‘সব ধরনের বিকল্পের’ জন্য প্রস্তুত এবং প্রতিপক্ষ ‘চমকে যাবে।’
অন্য এক পোস্টে তিনি বলেন, তেহরানের ১৪ দফা প্রস্তাবে উল্লেখিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।
তার ভাষায়, অন্য যেকোনো পথ শুধু ব্যর্থতার পর ব্যর্থতা ডেকে আনবে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করে ইরান ইস্যুতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তবে সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) চীন সফরে রওনা হওয়ার আগে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।

এনটিভি অনলাইন ডেস্ক