যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রুশ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময়ে মস্কো অভিযোগ করেছে, ইউক্রেন এক হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সময় রোববার (১০ মে) ইউক্রেনের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিঝিয়া, দনিপ্রোপেত্রোভস্ক ও খেরসন অঞ্চলে একজন করে নিহত হয়েছেন।
খেরসন অঞ্চলের প্রসিকিউটর দপ্তর জানায়, ৯ মে নেজলামনে গ্রামে রুশ ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী এক নারী নিহত হন। খেরসনের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন বলেন, ওই নারী রাস্তা দিয়ে হাঁটার সময় হামলার শিকার হন। এছাড়া শনিবার (৯ মে) ভোর থেকে ড্রোন ও গোলাবর্ষণে ওই অঞ্চলে অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রুশ ড্রোন ও গোলাবর্ষণে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, খারকিভ শহর ও আশপাশের এলাকায় ড্রোন হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানজা জানান, শনিবার সিনেলনিকোভ শহরের কাছে মেজিভস্কা এলাকায় রুশ হামলায় ৪৬ বছর বয়সী এক নারী নিহত এবং আরেকজন আহত হন। রোববার কাছাকাছি আরেক এলাকায় এক শিশু আহত হয়েছে বলেও জানান তিনি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতে রাশিয়া ২৭টি দূরপাল্লার ড্রোন হামলা চালায়। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফ্রন্টলাইনে অন্তত ১৪৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধবিরতি ভেঙে এক হাজারের বেশি ড্রোন ও গোলাবর্ষণ চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, ক্রিমিয়া উপদ্বীপসহ রাশিয়ার বেলগোরোদ, কুরস্ক, কালুগা, রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলে এসব হামলা হয়েছে। রুশ বাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে আমাদের সেনা অবস্থান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তবে ইউক্রেন এ অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক