মোসাদের দুটি সেল ‘ধ্বংসের’ দাবি ইরানের
ইরানের ভেতরে সক্রিয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুটি নেটওয়ার্ক বা সেল ‘ধ্বংস’ করার দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। আজ রোববার (১০ মে) ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোসাদের একজন কথিত সদস্য নিহত হয়েছেন। সেলের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এই নেটওয়ার্কের একজন সদস্যকে সামরিক তথ্য পাচারের চেষ্টাকালে উত্তর ইরানের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
অভিযান চলাকালীন ওই সেলের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এর পাশাপাশি সেখান থেকে বেশ কিছু ‘স্টারলিংক’ ইন্টারনেট ডিভাইসও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, এই গ্রুপটি ইরানের অত্যন্ত ‘সংবেদনশীল কেন্দ্রগুলোতে’ সন্ত্রাসী হামলা ও রাজধানী তেহরানে গুপ্তহত্যার পরিকল্পনা করছিল।
মেহর নিউজ আরও জানায়, প্রথম অভিযানটির পাশাপাশি দেশের অন্য একটি স্থানে যুগপত অভিযান চালিয়ে মোসাদ-সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি সেলকে চিহ্নিত করে এর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা নিহত ব্যক্তির পরিচয় কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে এই ধরপাকড়ের দাবি তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাতের পারদ আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল

এনটিভি অনলাইন ডেস্ক