আমরা জলদস্যুদের মতোই, ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প
ইরানের ওপর চলমান সামরিক ও অর্থনৈতিক অবরোধের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমকে ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করার সামরিক অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ওদের (ইরানে জাহাজ) ওপর ঝাঁপিয়ে পড়ি এবং জাহাজটি দখল করে নিই। আমরা জাহাজটির পণ্যসামগ্রী ও তেল নিজেদের দখলে নিই। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’
জনতার করতালির মধ্যে ট্রাম্প আরও বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছি। আমরা কিছুটা জলদস্যু ঠিকই, কিন্তু আমরা এখানে কোনো খেলা খেলছি না।’
মার্কিন নৌবাহিনীর এই ধরনের কর্মকাণ্ডকে ট্রাম্প ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের পাল্টা অবরোধ ও সেখানে চলাচলকারী জাহাজের ওপর মাশুল আরোপের পরিকল্পনার মধ্যে এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহণের এই প্রধান পথটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক