প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ হামলায় তিনজন নিহত হয়েছেন। ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে সাউথকম জানায়, ২৬ এপ্রিল তাদের কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, যৌথ টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার একটি ‘প্রাণঘাতী সামরিক হামলা’ চালিয়ে এমন একটি নৌযানকে লক্ষ্যবস্তু করে, যা একটি ঘোষিত সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, জাহাজটি পরিচিত মাদকপাচার রুটে চলাচল করছিল এবং সক্রিয়ভাবে মাদকপাচার কার্যক্রমে জড়িত ছিল।
সাউথকমের ভাষ্য অনুযায়ী, এই অভিযানে তিনজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হননি বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান, নিহতদের পরিচয় বা ব্যবহৃত নৌযানের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক