আলোচনায় বসতে রাজি না ইরান, তারপরও ইসলামাবাদে কড়া নিরাপত্তা
মার্কিন পণ্যবাহী জাহাজে গুলিবর্ষণ ও আটকের ঘটনায় ইরান আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও সোমবারের (২০ এপ্রিল) বৈঠক সফল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। চরম অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর আল জাজিরার।
তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের একটি জাহাজে গুলি চালিয়ে ও সেটি আটক করে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় ইরান। ইরানের এই অস্বীকৃতি পাকিস্তান সরকারের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দুই পক্ষকে একত্রিত করতে ইসলামাবাদ ব্যাপক কূটনৈতিক বিনিয়োগ করেছে।
ইরান বেঁকে বসলেও পর্দার আড়ালে তাদের আলোচনার টেবিলে আনার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। পাকিস্তান সরকারের পরিকল্পনা অনুযায়ী, উভয় প্রতিনিধিদলকে স্বাগত জানানোর প্রস্তুতি এখনো বহাল আছে। জানা গেছে, মার্কিন প্রতিনিধিদলটি ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক সময়সূচী বা কোন কোন কর্মকর্তা এই দলে আছেন, তা প্রকাশ করা হয়নি।
আলোচনা শুরু হওয়ার প্রত্যাশায় পুরো ইসলামাবাদ শহরকে কার্যত অচল করে দেওয়া হয়েছে। শহরজুড়ে প্রায় ২০ হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে কড়া পাহারা। বড় ধরনের এই আয়োজন পণ্ড হওয়ার আশঙ্কায় পাকিস্তান কর্তৃপক্ষ এখন উচ্চ-পর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান যদি শেষ পর্যন্ত এই আলোচনায় অংশ না নেয়, তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তান এখন তেহরানকে আশ্বস্ত করার চেষ্টা করছে যাতে অন্তত আলোচনার প্রক্রিয়াটি সচল থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক