৩৪ বছর পর বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল ও লেবাননের মধ্যকার দীর্ঘ কয়েক দশকের বৈরিতা অবসানে অভাবনীয় কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে‘ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর আলজাজিরার।
ট্রাম্প বলেন, আমি ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ সময়—প্রায় ৩৪ বছর পর দুই দেশের শীর্ষ নেতারা কথা বলতে যাচ্ছেন। আগামীকালই এই ঐতিহাসিক ঘটনাটি ঘটতে যাচ্ছে।
তবে লেবাননের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বৈঠক সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই।
ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। দেশ দুটির মধ্যে এর আগে ১৯৮৩ সালের ১৭ মে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও মাত্র এক বছর পরেই লেবানন সরকার তা বাতিল করে দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সরাসরি কোনো উচ্চপর্যায়ের সংলাপ হয়নি। মূলত ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত লেবাননকে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে ‘ট্রাম্পিয়ান গ্র্যান্ড বারগেইনের‘ যে চেষ্টা চলছে, লেবানন ও ইসরায়েলের এই বৈঠক তারই একটি অংশ হতে পারে। হিজবুল্লাহর প্রভাব কমিয়ে লেবানন সরকারকে আলোচনার টেবিলে নিয়ে আসা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
আগামীকালের এই বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে বা দুই দেশের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ৩৪ বছরের নিস্তব্ধতা ভেঙে এই সংলাপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির পথ প্রশস্ত করবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন : ইরানকে হরমুজ প্রণালি খোলার আহ্বান জানাল চীন
https://www.ntvbd.com/world/news-1720505
আরও পড়ুন : যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক

এনটিভি অনলাইন ডেস্ক