পোপের সমালোচনার পর নিজেকে যিশু সাজিয়ে ছবি পোস্ট করলেন ট্রাম্প
চতুর্দশ পোপ লিও’র সঙ্গে মতবিরোধের অংশ হিসেবে গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই সর্বোচ্চ শ্রদ্ধাভাজন ব্যক্তি ও ক্যাথলিক গির্জাগুলোর প্রধানের (পোপ লিও) রাজনৈতিক বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তোলেন। এই সমালোচনার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি একটি ছবি সামজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে তাকে বাইবেলের ধাঁচে যিশুর মতো ভূমিকায় একটি অলৌকিক ঘটনা ঘটাতে দেখা যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ডিজিটালভাবে তৈরি ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ঢিলেঢালা পোশাক পরে এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত রাখছেন এবং অন্য হাতের আঙুল থেকে বিচ্ছুরিত হচ্ছে আলো। এই সময় সেখানে উপস্থিত লোকগুলো তা শ্রদ্ধাভরে দেখছে। এই দৃশ্যটি যিশুর মাধ্যমে লাজারাসকে মৃতদের মধ্য থেকে জীবিত হিসেবে ফিরিয়ে আনার বাইবেলীয় বিবরণের প্রতিবিম্ব তুলে ধরে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, তিনি পোপ লিওর ভক্ত নন এবং পোপ লিও ‘খুব ভালো কাজ করছেন না’। ট্রাম্প পোপ লিওকে ‘অতিমাত্রার উদারপন্থি’ হিসেবে অভিযুক্ত করেন এবং বলেন তিনি (পোপ লিও) চরম বামপন্থিদের প্রতি সহানুভূতিশীল। ট্রাম্প আরও বলেন, পোপ লিওর উচিত আধ্যাত্মিক কাজে আরও মন দেওয়া এবং যুক্তরাষ্ট্র ও তার বৈদেশিক নীতির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ভাষ্য দেওয়া এড়িয়ে চলা।
ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকা, সামরিক বিমান, উড়ন্ত ঈগল ও আকাশে দেবদূতের অবয়ব তুলে ধরে ধর্মীয় চেতনা বিচ্ছুরণের পাশাপাশি দেশপ্রেমের ভাববোধ প্রকাশের চেষ্টা করা হয়েছে। পোপের বিরুদ্ধে তার প্রকাশ্য মন্তব্যের পরপরই এই পোস্টটি প্রকাশিত হওয়ায় তা দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করে।
কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই প্রথম ধর্মীয় কাল্পনিক ছবি প্রকাশ করলেন না ট্রাম্প। ২০২৫ সালের মে মাসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের একটি ছবি পোস্ট করেছিলেন যাতে তাকে সম্পূর্ণ পোপের পোশাক পরা অবস্থায় দেখা যায়। ‘আমি পোপ হতে চাই’ এমন মন্তব্যের পরপরই ওই ছবিটি প্রকাশ করা হয়েছিল। এই ছবিটিও সে সময় তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল।

এনটিভি অনলাইন ডেস্ক