‘যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বাড়ায় ট্রাম্প দায়ী’
মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম এক মাসেরও কম সময়ে প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। এমন খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চাক শুমার বলেন, “এক মাস আগেও যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। আজ তা বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।”
অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো ডেমোক্রেটিক দলের এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন।
এর আগের এক পোস্টে শুমার উল্লেখ করেন যে, “এই অনর্থক যুদ্ধ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার ‘অপচয়’ করা হচ্ছে।”
মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামের এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক