হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ, ব্রিটেন-জার্মানি-ইতালির নেতাদের ফোনালাপ
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্য, জার্মানি ও ইতালির নেতারা। তারা এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর আনাদোলুর।
আলোচনায় তিন নেতা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্বের বিষয়ে একমত হন। একই সঙ্গে ইরানের হুমকির মুখে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্তও নেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ মার্চের দিকে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয় এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ বাণিজ্য এই পথেই সম্পন্ন হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি এই প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র আগের সামরিক হামলার তুলনায় ‘২০ গুণ কঠোর’ প্রতিক্রিয়া দেখাবে।
বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে অংশীদার দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য যে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়েও ইতালি ও জার্মানিকে অবহিত করেছেন স্টারমার।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক