জুলাই স্মৃতি জাদুঘরে কখন যাবেন, অগ্রিম টিকিট অনলাইনে কীভাবে পাবেন, প্রবেশমূল্য কত?
আগামীকাল ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। এদিন থেকে নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে ঐতিহাসিক এই জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
জাদুঘরের মূল ভবনের ধারণক্ষমতা সীমিত হওয়ায় প্রাথমিকভাবে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন। শৃঙ্খলা বজায় রাখতে এবং দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য মূল ভবনে প্রবেশের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট সময়সীমা বা স্লট নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘মর্নিং স্লট’, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘মিড-ডে স্লট’ এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ইভনিং স্লট’ চালু থাকবে। সম্মানিত দর্শনার্থীরা তাদের কেনা টিকিটে যে সময়সীমা বা স্লট উল্লেখ থাকবে, ঠিক সেই সময়ের মধ্যেই কেবল জাদুঘরের মূল ভবনে প্রবেশ করতে পারবেন।
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট এই স্লটে অগ্রিম টিকিট বুক করার জন্য july36.gov.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে যে স্লট বা সময় বরাদ্দ পাওয়া যাবে, দর্শনার্থীদের ঠিক সেই নির্দিষ্ট সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে।

ফিচার ডেস্ক