ইউটিউবের নতুন কাস্টম ফিড, নিজের পছন্দমতো সাজবে হোমপেজ
ইউটিউবের হোমপেজে কী ধরনের ভিডিও দেখতে চান, সেটি আরও নির্দিষ্টভাবে ঠিক করার সুযোগ দিতে নতুন ‘কাস্টম ফিড’ সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয় বা বর্ণনা লিখে হোমপেজের ভিডিও ফিড সাজাতে পারবেন।
গত বুধবার এক ব্লগ পোস্টে গুগল জানায়, ব্যবহারকারীরা ইউটিউবের সার্চ বারের নিচে থাকা ‘ইওর কাস্টম ফিডস’ অপশনে গিয়ে নিজেদের পছন্দের ফিড তৈরি করতে পারবেন। সেখানে যে ধরনের ভিডিও দেখতে চান, তা লিখে দিলে ইউটিউবের অ্যালগরিদম সেই নির্দেশনার ভিত্তিতে হোমপেজে ব্যক্তিগতকৃত ভিডিওর তালিকা দেখাবে।
একাধিক কাস্টম ফিড তৈরি ও সংরক্ষণও করা যাবে। ফলে ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন আগ্রহের জন্য আলাদা ফিড রাখতে পারবেন। উদাহরণ হিসেবে দীর্ঘ তথ্যচিত্র দেখার জন্য একটি ফিড কিংবা নতুন ডিআইওয়াই নির্মাতাদের ভিডিও দেখার জন্য আরেকটি ফিড তৈরি করা যাবে।
কাস্টম ফিড তৈরির পর ইউটিউব ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা আরও নির্দিষ্ট করার জন্য বিভিন্ন পরামর্শও দেবে। যেমন সমুদ্রের খাড়া পাহাড় নিয়ে ভিডিও দেখানো বা কথাবার্তাবিহীন ভিডিও বাছাই করার মতো নির্দেশনা যোগ করা যাবে।
ব্যবহারকারী চাইলে নিজের পছন্দ অনুযায়ী ফিডের বর্ণনা আরও নির্দিষ্ট করে দিতে পারবেন। ফলে সাধারণ কোনো বিষয়ের পরিবর্তে আরও নির্দিষ্ট ধরনের ভিডিও হোমপেজে দেখানোর সুযোগ তৈরি হবে।
ইউটিউব জানিয়েছে, কাস্টম ফিড সুবিধাটি শিগগিরই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ওয়েব, মোবাইল ও টিভি প্ল্যাটফর্মে চালু করা হবে।
এদিকে একইদিনে ইউটিউব ভিডিওতে ‘আস্ক ইউটিউব’ নামে আরেকটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে পণ্য পর্যালোচনার ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা এ সুবিধার মাধ্যমে সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে পারবেন।
ইউটিউবের ভাষ্য, কেউ কোনো নির্দিষ্ট পণ্য খুঁজলে তার পছন্দের ভিত্তিতে বিভিন্ন পণ্য ও শ্রেণির তুলনামূলক সুপারিশ পাওয়া যেতে পারে। কোনো পণ্য পর্যালোচনার ভিডিওর ওয়াচ পেজে গিয়ে ব্যবহারকারী পণ্যটি সম্পর্কে আরও প্রশ্ন করতে পারবেন।
ইউটিউবের নতুন দুটি সুবিধার লক্ষ্য হলো ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট খোঁজা এবং পণ্য সম্পর্কে তথ্য পাওয়ার প্রক্রিয়াকে আরও ব্যক্তিগতকৃত করা।
সূত্র: ইয়াহুটেক

ফিচার ডেস্ক