কম্পিউটারের গতি বাড়াতে উইন্ডোজের ৪ গোপন শর্টকাট
প্রতিদিন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করলেও উইন্ডোজের অনেক বিল্ট-ইন সুবিধা সম্পর্কে জানেন না অধিকাংশ ব্যবহারকারী। অথচ কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই এসব সুবিধা ব্যবহার করে কম্পিউটার চালু হওয়ার সময় কমানো, অপ্রয়োজনীয় ফাইল মুছে স্টোরেজ খালি করা কিংবা আটকে যাওয়া প্রোগ্রাম বন্ধ করা যায়। কাজ সহজ করতে জেনে নিন উইন্ডোজের চারটি কার্যকর শর্টকাট।
১. কম্পিউটার দ্রুত চালু করার কৌশল
কম্পিউটার চালু করার পর অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এতে কম্পিউটার চালু হতে বেশি সময় লাগতে পারে এবং সামগ্রিক কর্মক্ষমতাও কমে যেতে পারে।
পদ্ধতি: কীবোর্ডে উইন্ডোজ + আই একসঙ্গে চাপুন।
সেটিংস খুলে অ্যাপস অপশনে যান। এরপর স্টার্টআপ নির্বাচন করুন। তালিকায় থাকা যেসব অ্যাপ কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার প্রয়োজন নেই, সেগুলো বন্ধ করে দিন। তবে অচেনা বা সিস্টেম-সংক্রান্ত কোনো অ্যাপ বন্ধ করার আগে সেটি কী কাজে ব্যবহৃত হয়, তা নিশ্চিত হওয়া ভালো।
২. অপ্রয়োজনীয় ফাইল মুছে স্টোরেজ খালি করুন
ডিস্কের জায়গা কমে গেলে কম্পিউটারের স্বাভাবিক কাজেও প্রভাব পড়তে পারে। উইন্ডোজের নিজস্ব ডিস্ক পরিষ্কার করার সুবিধা ব্যবহার করে অপ্রয়োজনীয় অস্থায়ী ফাইল মুছে জায়গা খালি করা যায়।
পদ্ধতি: কীবোর্ডে উইন্ডোজ + আর চাপুন। এরপর রান বক্সে ক্লিনএমজিআর লিখে এন্টার চাপুন।
যে ড্রাইভ পরিষ্কার করতে চান, সেটি নির্বাচন করুন। এরপর অপ্রয়োজনীয় ফাইলের ধরন নির্বাচন করে পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করুন। প্রয়োজন হলে ক্লিন আপ সিস্টেম ফাইলস অপশন ব্যবহার করা যাবে। তবে কোনো ফাইল মুছে ফেলার আগে সেটি প্রয়োজনীয় কি না যাচাই করে নেওয়া উচিত।
৩. কম্পিউটার হ্যাং করলে দ্রুত বন্ধ করুন আটকে থাকা প্রোগ্রাম
কাজ করার সময় কোনো সফটওয়্যার আটকে গেলে বা কম্পিউটার ধীর হয়ে গেলে টাস্ক ম্যানেজার ব্যবহার করে সমস্যার কারণ খুঁজে বের করা যায়।
পদ্ধতি: কীবোর্ডে কন্ট্রোল + শিফট + এস্কেপ একসঙ্গে চাপুন।
এরপর টাস্ক ম্যানেজার খুলবে। সেখানে কোন প্রোগ্রাম বেশি প্রসেসর বা মেমোরি ব্যবহার করছে, তা দেখা যাবে। প্রয়োজন হলে আটকে থাকা প্রোগ্রাম নির্বাচন করে এন্ড টাস্ক দিয়ে বন্ধ করা যায়। তবে গুরুত্বপূর্ণ কাজ সংরক্ষণ না করে কোনো প্রোগ্রাম বন্ধ করলে অসংরক্ষিত তথ্য হারিয়ে যেতে পারে।
৪. আগে কপি করা লেখা ও ছবি একসঙ্গে দেখুন
সাধারণভাবে কম্পিউটারে কোনো লেখা বা ছবি কপি করলে পরবর্তীবার অন্য কিছু কপি করার পর আগের কপি করা তথ্য আর সরাসরি ব্যবহার করা যায় না। তবে উইন্ডোজের ক্লিপবোর্ড হিস্ট্রি চালু থাকলে আগে কপি করা একাধিক লেখা ও ছবি দেখা যায়।
পদ্ধতি: কীবোর্ডে উইন্ডোজ + ভি একসঙ্গে চাপুন।
এরপর ক্লিপবোর্ড হিস্ট্রির তালিকা দেখা যাবে। সেখান থেকে আগে কপি করা লেখা বা ছবি নির্বাচন করে আবার ব্যবহার করা যাবে। এই সুবিধার মাধ্যমে ইমোজি, বিভিন্ন প্রতীক এবং অন্যান্য উপাদান ব্যবহারের সুবিধাও পাওয়া যায়।
তবে ক্লিপবোর্ডে সংরক্ষিত তথ্যের মধ্যে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল কোনো তথ্য থাকলে নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
কাজ সহজ করতে কাজে লাগবে আরও অনেক শর্টকাট
উইন্ডোজে এ ধরনের আরও অনেক কীবোর্ড শর্টকাট রয়েছে, যা মাউসের ব্যবহার কমিয়ে দ্রুত কাজ করতে সহায়তা করে। বিশেষ করে নিয়মিত কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এসব শর্টকাট জানা সময় বাঁচাতে পারে।

ফিচার ডেস্ক