স্মার্টফোনে এআইয়ের নতুন অভিজ্ঞতা, কী থাকছে গ্যালাক্সি এস২৬ এফইতে?
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং। রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের একটি শাখায় আয়োজিত অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়।
গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস, গ্যালাক্সি এআইয়ের বিভিন্ন সুবিধা, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দৈনন্দিন কাজ, ছবি তোলা ও বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে স্মার্টফোনটিতে এসব সুবিধা যুক্ত করা হয়েছে।
ফোনটিতে থাকা গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধার মাধ্যমে একটি ছবিতে থাকা একাধিক বস্তু একসঙ্গে খুঁজে নেওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি এআইয়ের হালনাগাদ সুবিধাগুলো বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তথ্য ও সময়োপযোগী পরামর্শ দেবে। ফলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া আরও সহজ হবে।
ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। কম আলোতে ভালো ছবি তোলার জন্য আছে নাইটোগ্রাফি সুবিধা। আর চলার পথে ভিডিও ধারণের সময় ভিডিও স্থির রাখতে সহায়তা করবে ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার।
ক্যামেরায় আরও রয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা। ‘মাই ফ্যানক্যাম’ ফিচার ছবি তোলার সময় ক্যামেরার সামনে থাকা ব্যক্তিকে অনুসরণ করে। তিনি নড়াচড়া করলেও তাঁকে ছবির মাঝখানে রাখতে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম ঠিক করে নেয়। অন্যদিকে, ‘ফটো অ্যাসিস্ট’ সুবিধায় সাধারণ ভাষায় নির্দেশনা লিখে ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।
গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এর রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ফোনটির ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে রয়েছে ৪৫ ওয়াটের তারযুক্ত দ্রুত চার্জিং সুবিধা। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে প্রায় ৩০ মিনিটে ব্যাটারির চার্জ শূন্য থেকে ৬৯ শতাংশ পর্যন্ত নেওয়া সম্ভব।
সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটিতে সর্বোচ্চ সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের গ্যালাক্সি এস২৬ এফই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির উদ্বোধন উপলক্ষে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে থাকছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস।
এ ছাড়া ক্রেতারা ৯ মাস অথবা ১৮ মাসের মেয়াদে শূন্য শতাংশ কিস্তিতে কেনার সুবিধা পাবেন। পাশাপাশি, ৯ মাসের কিস্তি সুবিধা গ্রহণ করলে বিনা মূল্যে একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকার দেওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক