কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যে উদ্ভাবন এবং টেকসই এআইভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। এ বাস্তবতায় এবারের সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’।
তিনি বলেন, মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং টেকসই এআই পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার প্রসার; গবেষণালব্ধ জ্ঞানকে বাজারের উপযোগী করা; গবেষক, বিনিয়োগকারী ও বাজারের মধ্যে সংযোগ তৈরি এবং এআই, অর্ধপরিবাহী প্রযুক্তি, জীবপ্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, মহাকাশ গবেষণা ও নীল অর্থনীতি নিয়ে কাজ করা।
দেশে দক্ষ ও মেধাবী স্নাতকদের কাজে লাগাতে এবং নতুন ওষুধ ও জীবনধারাভিত্তিক পণ্য উদ্ভাবনে জীবপ্রযুক্তি পার্ক স্থাপনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা ও যোগাযোগসহ বিভিন্ন খাতে এআই ব্যাপক পরিবর্তন আনছে। বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ জন্য কার্যকর নীতিমালা, প্রয়োজনীয় সহায়তা, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, সামিটে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি বিষয়ভিত্তিক তিনটি অধিবেশন এবং ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির জন্য বিটুবি ম্যাচমেকিং অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘এআই বিজনেস এক্সপো’তে দেশি-বিদেশি এআইভিত্তিক প্রতিষ্ঠানের প্রায় ১৫০টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শিত হবে।
একই সঙ্গে দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবন ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। আয়োজকদের আশা, এর মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে ধারণা বিনিময় এবং ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারীসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক