টেস্টে বিরল কীর্তি গড়লেন ভারতীয় ক্রিকেটাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে দারুণ দাপট দেখাচ্ছে ভারত। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। এই ইনিংসে ভারতের টপ অর্ডারের পাঁচ ব্যাটারই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন। ভারতের ৯৪ বছরের টেস্ট ইতিহাসে দেশের বাইরে প্রথমবার এমন বিরল রেকর্ড গড়ল দলটি।
এই ঐতিহাসিক দিনে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লোকেশ রাহুল। তার ব্যাটে চড়ে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে ভারত। রাহুলের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, অধিনায়ক শুবমান গিল ও ঋষভ পন্থও ফিফটির দেখা পেয়েছেন।
ইনিংসে লোকেশ রাহুল ১৩৬ রানে অপরাজিত আছেন। ওপেনার যশস্বী জয়সওয়াল করেছেন ৮৫ রান, আর দেবদূত পাডিক্কালের ব্যাট থেকে এসেছে ৮০ রান। সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে অধিনায়ক শুবমান গিলকে। মাত্র দুই রানের জন্য শতক মিস করে ৯৮ রানে ফিরেছেন তিনি। এ ছাড়া ঋষভ পন্থ করেছেন ৫৫ রান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে টপ অর্ডারের পাঁচ ব্যাটারের ফিফটি করার কীর্তি ভারত এর আগে চারবার গড়েছিল। তবে সেই চারবারই ঘটনাটি ঘটেছিল দেশের মাটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম দেশের বাইরে এমন নজির গড়ল তারা।
রাহুলের এই সেঞ্চুরিও এক বিশেষ রেকর্ড এনে দিয়েছে। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে চারটি ‘সেনা’ দেশ—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতকের দেখা পেলেন তিনি। ওপেনারদের মধ্যে এর আগে এই কীর্তি ছিল কেবল পাকিস্তানের সাবেক ব্যাটার সাঈদ আনোয়ারের।

স্পোর্টস ডেস্ক