বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন সুমাইয়া
ভারতের ভুবনেশ্বরে প্রথমবারের মতো আয়োজিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম দিনেই নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতে দেশের পদকযাত্রা শুরু করেছেন বাংলাদেশের দ্রুততম নারী অ্যাথলেটদের একজন সুমাইয়া দেওয়ান।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া। এর মধ্য দিয়ে উদ্বোধনী আসরেই বাংলাদেশের হয়ে প্রথম পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।
এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের টি. ম্রিথিকা। তিনি দৌড় শেষ করেন ১২.০২ সেকেন্ডে। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক পান শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা। আর ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।
একই ইভেন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রেখা আক্তারও অংশ নেন। তবে ফাইনালে ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি।
সুমাইয়া দেওয়ানের এই পদক জয় বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে ২০২৫ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত ১৭তম সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন সুমাইয়া। এবার আন্তর্জাতিক আঞ্চলিক প্রতিযোগিতায় পদক জিতে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।
২৫ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশসহ বিমসটেক অঞ্চলের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। আঞ্চলিক পর্যায়ে তরুণ অ্যাথলেটদের প্রতিভা বিকাশ, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং দেশগুলোর মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই আসরের আয়োজন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক