জোহানেসবার্গ টেস্ট
পঞ্চাশ পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের প্রথম ওভার থেকেই আসে ১১ রান। তবে এরপর তাসকিন আহমেদ ও হাসানের বোলিংয়ে কয়েকবার অস্বস্তিতে পড়েছে প্রোটিয়া ব্যাটাররা। তৈরি হয়েছে উইকেটের সুযোগও, কিন্তু সাফল্যের দেখা পাচ্ছে না বাংলাদেশ। এর মধ্যেই পঞ্চাশের ঘর পেরিয়েছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এইডেন মার্করাম। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬৩ রান।
মাঝে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন তাসকিনও। তার বলে জুবায়ের হামজার প্যাডে বল লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। তবে রিভিউ নেওয়া হয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি অল্পের জন্য স্টাম্প মিস করত।
এরপর হাসান মাহমুদের পরের ওভারের প্রথম দুই বলেই হামজাকে নিয়ে দুটি রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু প্রথমটিতে ইম্প্যাক্ট ছিল স্টাম্পের বাইরে, আর দ্বিতীয়টিতে বল স্টাম্প মিস করত। ফলে পরপর দুটি রিভিউ হারায় বাংলাদেশ।
এর আগে হাসানের বোলিংয়ে ঘটে যায় অস্বস্তিকর এক ঘটনা। তার করা ১৬ তম ওভারের ৩য় বলে মার্কাস একারম্যানের জোরালো স্ট্রেইট ড্রাইভে বল আঘাত হানে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। মাঠে ছুটে আসেন ফিজিও, দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে সুখবর হলো, কিছুক্ষণ পর আবারও বোলিংয়ে ফেরেন হাসান।

স্পোর্টস ডেস্ক