গ্রুপসেরার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে গ্রুপসেরা হয়ে শেষ চারে যাওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। অবশ্য একটি সমীকরণও মেলাতে হবে বাংলাদেশকে- সেমিফাইনালে প্রতিপক্ষ কারা হবে? তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। অন্যদিকে, এই ম্যাচ দিয়েই পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (১১ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের দল। একই সঙ্গে নকআউট পর্বের আগে নিজেদের প্রস্তুতি ও দলের সমন্বয় আরও ভালোভাবে পরখ করে নেওয়ার সুযোগও কাজে লাগাতে চাঈবে কোচ থমাস ডুলির শিষ্যরা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ওই ম্যাচের ফলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়। বর্তমানে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার সংগ্রহ এক পয়েন্ট। ফলে আজকের ম্যাচে ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে জয় পেলে শেষ চারের লড়াইয়ের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ক্লাবের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে যুক্ত হওয়ায় মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন শক্তি পেয়েছে বাংলাদেশ। তাদের অন্তর্ভুক্তিতে দলের খেলার সমন্বয় এবং আক্রমণাত্মক সক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবেন কোচ থমাস ডুলি। ভুটানের বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আরও গোছানো ফুটবল খেলাই থাকবে দলের লক্ষ্য।
অন্যদিকে শ্রীলঙ্কাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের প্রমাণ দিয়েছে দলটি। ওই ম্যাচে অলিভার জেমস ও আহমেদ ওয়াসিম রাজিক গোল করেন। ফলে বাংলাদেশের রক্ষণভাগকে শুরু থেকেই সতর্ক থাকতে হবে। গপাশাপাশি আক্রমণেও সুযোগ কাজে লাগাতে হবে।
দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশের জয় ছয়টি। বিপরীতে, শ্রীলঙ্কার জয় চারটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে অতীতের পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই আজকের ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অন্যদিকে, দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে তিনটিতে আর শ্রীলঙ্কা জিতেছে দুটিতে। সর্বশেষ ২০২১ সালের ১৬ নভেম্বর মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে, পূর্বের চেয়ে এখন অনেক শক্তিশালী শ্রীলঙ্কা। এবারের সাফে সবচেয়ে বেশি ১৫ জন প্রবাসী ফুটবলার নিয়ে খেলছে লঙ্কানরা।
বাংলাদেশের জন্য এই ম্যাচের আরেকটি গুরুত্ব রয়েছে সেমিফাইনালের প্রস্তুতিতে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ চারের লড়াই। ‘বি’ গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে শিরোপার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে বাড়তি অনুপ্রেরণা পাবে দল।

স্পোর্টস ডেস্ক