সিলেট টেস্ট
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
শেষ দিনে ব্যাট হাতে ঝড় তুলে বড় সংগ্রহ গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ঘোষণা করে এবার বাংলাদেশকে ছুঁড়ে দিল বড় রানের কঠিন চ্যালেঞ্জ। জবাবে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।
আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের প্রথম সেশনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে প্রথম ইনিংসে ৩০ রানের লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।
পঞ্চম দিনের সকালে আরও ১০ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে প্রথম উইকেটের পরে আবার ও উইকেট পেতে পারতেন নাঈম হাসান। স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন বিশপ। অনেকটা দৌড়ে বলের কাছে পৌঁছালেও সেটি তালুবন্দী করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
এরপর দ্রুত রান তোলার উদ্দেশ্যে আগেভাগেই ব্যাটিংয়ে নামানো হয় শামার জোসেফকে। তবে তাতে খুব একটা লাভ হয়নি ক্যারিবীয়দের। নাঈম হাসানের বলে তুলে মারতে গিয়ে লং অফে তানজিদের হাতে ক্যাচ দেন তিনি। ৩ বল খেলে ১ রান করে ফেরেন জোসেফ। এটি ছিল নাঈমের দ্বিতীয় উইকেট।
সকালের প্রথম ঘণ্টায় বাংলাদেশ আরও একটি উইকেটের দেখা পায়। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জাস্টিন গ্রিভস। ১৬ বলে ৯ রান করেন তিনি।
সেঞ্চুরি করা কাভেম হজকে ফেরালেন নাঈম
দিনের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র দুই রান যোগ করতে পেরেছেন তিনি।
দিনের শুরুতে দুই প্রান্তে স্পিনার নিয়ে আক্রমণ সাজায় বাংলাদেশ। এক প্রান্তে নাঈম হাসান, অন্য প্রান্তে মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৮৫তম ওভার পার হলেও বাংলাদেশ এখনও নতুন বল নেয়নি।

স্পোর্টস ডেস্ক