ক্রিকেটকে বিদায় জানালেন ধোনি, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে
জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন আরও আগেই। এরপর শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা চালিয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে গত কয়েক আসর ধরে আইপিএল এলেই একটা প্রশ্ন সবচেয়ে বেশি আলোচনায় আসত—পরবর্তী আসরে কি তবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি? প্রতিবারই এই জল্পনা ঝুলে থাকত।
তবে অবশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটের সফলতম এই তারকা। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে না, বরং নতুন এক ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ছিল আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। তার মাত্র কয়েক ঘণ্টা আগেই সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৪৫ বছর বয়সী ধোনি।
তবে হলুদ জার্সির দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার বন্ধন আরও দৃঢ় হচ্ছে। দলটির খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও এবার চেন্নাইয়ের ‘টিম মেন্টর’ বা পরামর্শক হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস ধোনির নতুন এই ভূমিকার কথা জানিয়ে লিখেছে, ‘সিএসকের টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার হাত ধরে পাওয়া অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং মধুর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। যাত্রার শুরু থেকেই তিনি আমাদের হৃদয়ে আছেন। আমাদের গৌরবের পথে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো—‘থালা’ সর্বদা আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। চেন্নাইও চিরকালই তার ঘর হয়ে থাকবে।’
সিএসকে ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে কল্পনাই করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি। আমাদের সম্পর্ক এতটা গভীর হওয়ার কারণ আমরা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করি। ২০০৮ সালে আইপিএলের শুরুতেই আমি বলেছিলাম ধোনিকে আমাদের দলের অংশ হতেই হবে, আর সেই সিদ্ধান্তই ইতিহাসের সেরা প্রমাণিত হয়েছে।’
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকেই চেন্নাইয়ের প্রাণভোমরা ছিলেন ধোনি। মাঝে স্পট ফিক্সিংয়ের কারণে চেন্নাই দুই বছর নিষিদ্ধ থাকলে ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে খেলেছিলেন তিনি।
১৭ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারে নিজের দুর্দান্ত নেতৃত্বে চেন্নাইকে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার আইপিএল শিরোপা এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উপহার দিয়েছেন ধোনি। এছাড়া হলুদ জার্সির হয়ে ব্যাট হাতে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইকরেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ভারতের ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী ধোনি।

স্পোর্টস ডেস্ক