মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে এক প্রকার গুঁড়িয়ে দিয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই জয় একপ্রকার নিশ্চিত করে ফেলে দলটি।
আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে নাজিব উল্লাহ জোড়া গোল করেন এবং অন্য গোলটি আসে মিকাইল অরুন আব্দুল্লাহর পা থেকে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের আসরে সেরা চারে জায়গা করে নিয়েছিল পাকিস্তান।
ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে বড় জয়ে গোল পার্থক্যে (+২) সুবিধাজনক স্থানে থেকে সেরা চারের টিকিট কাটল তারা।
বর্তমানে ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তান উভয়েরই সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে ভারত ও এখনো জয়ের মুখ না দেখা মালদ্বীপ। সেমিফাইনালে যেতে ভারতের (+১) ক্ষেত্রে একটি ড্র-ই যথেষ্ট। অন্যদিকে, মালদ্বীপকে (-৩) পেতে হবে বিশাল ব্যবধানের জয়।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর আজ জাতীয় স্টেডিয়ামে বেশ আগ্রাসী ফুটবল খেলে পাকিস্তান। ম্যাচের চতুর্থ মিনিটেই সাফল্য পায় তারা। বক্সে পাকিস্তানের মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মিকাইল নিজেই।
ম্যাচের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। জুনায়েদের বাড়ানো পাস ধরে ডান পায়ের দারুণ শটে জালে বল পাঠান নাজিব উল্লাহ। এরপর ২৪তম মিনিটে মালদ্বীপ ডিফেন্ডার আমদান আলির ভুলের সুযোগ নিয়ে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। তিনটি পরিবর্তন এনে অভিজ্ঞ আলি ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে নামাযন মালদ্বীপ কোচ। তবে তাতেও গোলের দেখা মেলেনি।
ম্যাচের ৬৬তম মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দারুণ দক্ষতায় আটকে দেন পাকিস্তানি গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইজাজ বাট। এর এক মিনিট পর মালদ্বীপের একটি আক্রমণ গোলপোস্ট অতিক্রম করলেও অফসাইডের কারণে তা বাতিল ঘোষণা করা হয়।
অন্যদিকে, ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের বদলি ফরোয়ার্ড শায়েক দোস্ত। তবে তার শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক