অস্ট্রেলিয়ার সেই বল টেম্পারিং কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি খাজার
ক্রিকেটবিশ্বকে কাঁপিয়ে দেওয়া ২০১৮ সালের সেই ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার তার আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ দাবি করেছেন, কেপটাউনের ওই টেস্টে বল বিকৃত করার বিষয়টি স্রেফ দু-এক জন নয়, বরং পুরো অস্ট্রেলিয়া দলই আগে থেকে জানত।
সিডনি মর্নিং হেরাড-এ প্রকাশিত খাজার এই চাঞ্চল্যকর দাবি নতুন করে ক্রিকেট বিশ্বে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। খাজা বলেছেন, ‘আমরা সবাই বিষয়টি জানতাম। নির্দিষ্ট কোনো ব্যাটার বা বোলার কিংবা কোচিং স্টাফের একা জানার বিষয় ছিল না—দলের আমাদের সবাই বিষয়টি জানত।’
নিজের বইয়ে খাজা উল্লেখ করেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন পোর্ট এলিজাবেথের (বর্তমান গেবেরহা) সেন্ট জর্জেস পার্কের ড্রেসিংরুমে খোলাখুলি আলোচনার মাধ্যমেই মূলত স্যান্ডপেপার বা শিরিষ কাগজ দিয়ে বল ঘষার উপায় বের করা হয়েছিল। সেই সময় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ চরম হতাশায় হাত ওপরে তুলে দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এই বিষয়ে আর কিছু জানতে চান না।
এরপর সিরিজের তৃতীয় টেস্টে ক্যামেরন ব্যানক্রফট যখন রিভার্স সুইং করানোর জন্য মাঠে স্যান্ডপেপারের ব্যবহার করেন, তা টিভি ক্যামেরার কল্যাণে বিশ্ববাসীর সামনে চলে আসে এবং অস্ট্রেলিয়া দল বড় ধরনের বিতর্কে পড়ে যায়। এই ঘটনার পর স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।
তবে সেসময় বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নরা দাবি করেছিলেন যে, বলের অবস্থা পরিবর্তনের জন্য মাঠে কোনো অবৈধ বস্তু নেওয়ার বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না।
তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে কোনো কথা বলার সুযোগ না দেওয়ায় বেশ অবাক হয়েছিলেন উসমান খাজা। তার মতে, ওই তিনজনকে একা বলির পাঁঠা বানানো হয়েছিল। পুরো দলের উচিত ছিল সম্মিলিতভাবে এই ঘটনার দায় নেওয়া।
খাজা লিখেছেন, ‘আমি চেয়েছিলাম দলগতভাবে এর দায় নেওয়া হোক। আমরা সবাই জানতাম কী হচ্ছে, তাই দল হিসেবেই আমাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে কেবল ওই তিনজনকে বলির পাঁঠা বানানো হয়েছে।’ আর সে কারণেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে নিজের বইটি উৎসর্গ করেছেন খাজা।
দীর্ঘ ৮ বছর পর এই ঘটনা সামনে আনার কারণও জানিয়েছেন খাজা। তিনি বলেছেন, ‘আমি নিজে থেকে কখনো এই বিতর্ক সামনে আনতে চাইনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সবাই আসল সত্যটা প্রকাশ করবে। কিন্তু দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও কেউ একা সাহস করে মুখ না খোলায় এবং ওই তিনজন অবিচারের শিকার হওয়ায় আমি দায়িত্ববোধ থেকে এটি লিখেছি।’
খাজার এমন বিস্ফোরক দাবির পর সাবেক কোচ ডারহেন লেহম্যান সেটি পুরোপুরি অস্বীকার করে জানিয়েছেন, এটি কেবল পুরনো ও অপ্রীতিকর কিছু স্মৃতিকে উসকে দিচ্ছে মাত্র। অন্যদিকে, বর্তমান অসি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বিষয়টিকে অতীতে ঘটে যাওয়া ঘটনা বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এ নিয়ে তার কোনো বাড়তি উদ্বেগ নেই।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিগত আট বছরে এই ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। সিএ-র কাছে আসা সমস্ত তথ্য সঠিকভাবেই মূল্যায়ন করা হয়েছে এবং তাদের সততা প্রক্রিয়ার ওপর আস্থা এখনো অটুট রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের সেই কেপটাউনের ঘটনা ক্রিকেটের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত, যা দীর্ঘ সময় পেরিয়ে এসেও আজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো।

স্পোর্টস ডেস্ক