ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
ক্রিকেট মাঠে বরাবরই শান্ত, মার্জিত ও সংযত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কুমার সাঙ্গাকারা। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি তার আচরণও মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বকে। তবে এবার ক্রিকেট মাঠের বাইরে এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের সময় রায়ানএয়ারের কর্মীদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত গত ২৮ অক্টোবর (বুধবার)। সেদিন ডাবলিন থেকে ইংল্যান্ডের ব্রিস্টলে যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান সাঙ্গাকারা ও তার পরিবার। বোর্ডিং গেটে রায়ানএয়ারের কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। সাঙ্গাকারার অভিযোগ, সেখানে তাদের সঙ্গে বৈষম্যমূলক, অপমানজনক ও হুমকিমূলক আচরণ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ক্ষোভ প্রকাশ করেন সাঙ্গাকারা। তিনি লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বোর্ডিং গেটের কর্মীদের কাছ থেকে কেউ কি বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন? আমি ও আমার পরিবার এইমাত্র হয়েছি। অভিজ্ঞতাটা ছিল ভয়াবহ। আমাদের সঙ্গে কথা বলার যে ধরন, নিয়মকানুন সামলানোর পদ্ধতি ও হুমকিমূলক আচরণ- কোনো যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম খারাপ অভিজ্ঞতা।’
তবে সাঙ্গাকারার অভিযোগের সঙ্গে একমত নয় রায়ানএয়ার কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রয়োজনীয় ভিসার কাগজপত্র দেখাতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররকে দেওয়া এক বিবৃতিতে রায়ানএয়ার জানায়, ‘বাধ্যতামূলক অভিবাসন যাচাইয়ের দায়িত্ব পালনরত বোর্ডিং গেটের একজন কর্মী প্রয়োজনীয় ভিসার কাগজপত্র দেখতে চাইলে এই যাত্রী তা দিতে অস্বীকৃতি জানান।’
যদিও শেষ পর্যন্ত সাঙ্গাকারার যাত্রায় কোনো বাধা সৃষ্টি হয়নি। বিমান সংস্থাটির ভাষ্য, ‘যাচাইপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই যাত্রীর ভ্রমণের যোগ্যতা নিশ্চিত করা হয়। এরপর ২৮ অক্টোবর ডাবলিন থেকে ব্রিস্টলগামী নির্ধারিত ফ্লাইটেই তিনি ভ্রমণ করেন।’
কিন্তু রায়ানএয়ারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি সাঙ্গাকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে একজন মন্তব্য করেন, তারকা হওয়ার কারণে হয়তো এখন আর সাধারণ যাত্রীদের মতো সমান আচরণ পাওয়ার বিষয়টি বুঝতে পারছেন না তিনি। জবাবে নিজের অভিজ্ঞতার আরও বিস্তারিত তুলে ধরেন সাবেক এই অধিনায়ক।
সাঙ্গাকারা লেখেন, ‘যখন বলা হয়, আপনাদের মতো মানুষ, আপনাদের মতো পাসপোর্ট যাঁদের, তাঁদের এমন আচরণই প্রত্যাশা করা উচিত, আর এমন জঘন্য মন্তব্যের প্রতিবাদ করলে আমাদের অন্য যাত্রীদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং বিমানে উঠতে দেওয়া হবে না, তখন সেটাকে সবার সঙ্গে সমান আচরণ বলা যায় না। এটা বর্ণবাদ।’
সাঙ্গাকারার অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগান। সাবেক এই ক্রিকেটারের ব্যক্তিত্ব ও আচরণের প্রশংসা করে তিনি লেখেন, ‘কুমারের চেয়ে বেশি ভদ্র ও মর্যাদাবান মানুষ খুব কমই দেখেছি। তিনি যখন এমন কথা বলছেন, তখন নিশ্চয়ই সত্যিই লজ্জাজনক কিছু ঘটেছে। আশা করি, রায়ানএয়ার বিষয়টি দ্রুত ও যথাযথভাবে দেখবে।’
এদিকে সাঙ্গাকারার অভিজ্ঞতার পর নিজের জীবনে বৈষম্যের শিকার হওয়ার কথাও জানিয়েছেন শ্রীলঙ্কার ব্যবসায়ী সঞ্জীবা বিরাওয়ারানা। তিনি লেখেন, ‘কুমার, পশ্চিমা বিশ্বের সব জায়গাতেই আমি বৈষম্যের শিকার হয়েছি। সেখানে ১৬ বছর থেকেছি, এরপর আরও ২৫ বছর নিয়মিত যাতায়াত করেছি। এখন আর এসব চাই না।’ তার মন্তব্যের জবাবে সাঙ্গাকারা লেখেন, ‘নিজে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলে সেটা সত্যিই খুব ধাক্কা দেয়।’
আরেক সমর্থক বিস্ময় প্রকাশ করে জানতে চান, সাঙ্গাকারার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ক্রিকেটারকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে! জবাবে সাঙ্গাকারা স্পষ্ট করে দেন, বিষয়টি কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি লেখেন, ‘শুধু আমি নই, কারও সঙ্গেই এমন হওয়া উচিত নয়।’ এ ঘটনায় সাঙ্গাকারা ও রায়ানএয়ারের কাছে আরও বক্তব্য চেয়েছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম 'মেইল স্পোর্ট'।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। দেশের হয়ে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে ও ৫৬টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৮ হাজার ১৬ রান। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পরেই রয়েছে তার অবস্থান।
বর্তমানে ইংল্যান্ডের ডরসেটে বসবাস করছেন সাঙ্গাকারা। ২০২২ সাল থেকে সেখানে থাকলেও শ্রীলঙ্কার গলেও তার বাড়ি রয়েছে। স্ত্রী ও দুই যমজ সন্তান নিয়ে তার পারিবারিক জীবন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও খেলাটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন সাঙ্গাকারা। বর্তমানে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজেও ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই তারকা।
ক্রিকেট মাঠে দীর্ঘদিনের অর্জন ও সম্মানজনক অবস্থানের বাইরে এবার বিমানবন্দরের একটি ঘটনা নিয়ে আলোচনায় সাঙ্গাকারা। তার অভিযোগের বিপরীতে রায়ানএয়ারের ব্যাখ্যা সামনে এলেও ঘটনাটি ঘিরে বিতর্ক এখনো থামেনি।

স্পোর্টস ডেস্ক