মিরপুর টেস্ট
আকাশ অন্ধকার, বন্ধ খেলা
দিনের খেলা এখনো বাকি প্রায় ২৫ ওভার। কিন্তু আগের দুই দিনের মতোই আজও মিরপুরের আকাশ অন্ধকার হয়ে এসেছে। স্টেডিয়ামের সবগুলো ফ্ল্যাড-লাইট জ্বললেও আলোকস্বল্পতা কমেনি। ফলে বন্ধ হয়ে গেছে খেলা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে বাংলাদেশ। সবমিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানের।
বেলা ৩টা ৩৩ মিনিটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। সবাই এখন অপেক্ষায় মিরপুরের আকাশে সূর্য উঁকি দেওয়ার। এনটিভি অনলাইনের পাঠকদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আলোকস্বল্পতার কারণে এর আগে প্রথম দুই দিনের খেলাও পুরোপুরি হয়নি। দুই দিন মিলিয়ে প্রায় ৩৫ ওভার খেলা কম হয়েছে।
দ্রুত উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে বাংলাদেশ
৩৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করতে দায়িত্ব নিতে হতো অভিজ্ঞ লিটন দাসকে। কিন্তু হতাশ করলেন তিনিও। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ধ্বংস্তুপে ঢেলে দিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজও। দলীয় ৫০ পার করতেই ৬ উইকেট নেই বাংলাদেশের।
চা-বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিবীয়ান স্পিনার জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউয়ের শিকার হন লিটন। ১০ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর ব্যাটিংয়ে নেমে জাকেরের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মিরাজ। কিন্তু সেই চেষ্টা বেশি দূর এগোয়নি। ৩২ বলে ৯ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হয়ে যান তিনি।
ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে স্বস্তি দিল বৃষ্টি!
২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম-সাদমান ইসলামরা। দ্বিতীয় সেশনে ১৩ ওভার ব্যাট করেই হারিয়েছে ৪ উইকেট। এখন উল্টো বিপদে বাংলাদেশ। একই সঙ্গে চোখ রাঙানি দিয়েছে বৃষ্টিও। আপাতত মনে হতে পারে, সেটাই বোধহয় বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিল।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই সামার জোসেফের বলে ফিরে যান তামিম। আরেক ওপেনার সাদমান ইসলাম আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুটা ভালোই পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না দুজনই। ৩০ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান সাদমান আর ৩৭ বলে ১০ রান করেন শান্ত।
এরপর দেখেশুনে খেলতে হতো বাংলাদেশকে। কিন্তু কাণ্ডজ্ঞানহীন শট খেলে আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয় (২ বলে ০)। রোস্টন চেজের বলে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি। ধরা পড়েন জেইডন সিলসের হাতে। স্পিন ঘূর্ণিতে বাংলাদেশকে বিপদে ফেলে এই তিন উইকেটই নিজের ঝুলিতে পুড়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক রোস্টন চেজ।
আড়াইশ রান পার হতে দিল না বাংলাদেশ, অলআউট ওয়েস্ট ইন্ডিজ
এর আগে দিনের প্রথম সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। হতাশার সেশনে শেষ বলে উইকেট নিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন নাঈম হাসান। তবে বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়াল নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। স্পিন জাদুতে পরাস্ত করেন মেহেদী হাসান মিরাজ-নাঈমরা। এতে খুব বেশি সময় লাগেনি ক্যারিবীয়ানদের গুটিয়ে দিতে। মাত্র ৮ ওভারের মধ্যেই তুলে নেয় বাকি থাকা ৪ উইকেট।
এতে নিজেদের প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ২৪৫ রান করেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৭২ রান। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক