চোটে প্রথম টেস্ট শেষ মুমিনুলের, বদলি কে?
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন মুমিনুল হক। সেসময় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। সেসময় দেখে খুব একটা গুরুতর কিছু মনে হয়নি। তবে মুমিনুলের চোট ধারণার চেয়েও গুরুতর। মাথায় আঘাত পেয়েছেন তিনি। ফলে ঢাকা টেস্টে আর খেলা হচ্ছে না তার।
কনকাশন বদলি হিসেবে মুমিনুলের পরিবর্তে খেলবেন জাকের আলী অনিক। আজ শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত লাগায় এ ম্যাচে খেলা হচ্ছে না মুমিনুলের।
অবশ্য ইতোমধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করতে মাঠেও নেমেছেন জাকের। তবে ১ বল খেলার পরই বৃষ্টি শুরু হলে চা-বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। বিরতি শেষে আবারও মাঠে নেমেছেন। এক বল খেলে এক রান করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক