লিটনের চোট নিয়ে যা জানাল বিসিবি
ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন লিটন দাস। দু’বার মাঠেই ফিজিও ডেকে চিকিৎসাও নিয়েছেন। বাংলাদেশ এখন ফিল্ডিং করছে। কিন্তু সেই চোটের কারণে নেই লিটন দাস। তার পরিবর্তে উইকেটকিপিং করছেন জাকের আলী অনিক। তাহলে লিটনের চোট কতটা বড়?
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোর) লিটন দাসের চোট নিয়ে আপডেট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
এক ক্ষুদে বার্তায় তিনি জানান, ‘ব্যাটিং করার সময় ডান কনুইয়ে বলের আঘাত পাওয়ায় লিটন দাসের কনুইয়ে ক্ষত বা কালশিটে সৃষ্টি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাকের আলী অনিক বিকল্প উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন।’
এর আগে দ্বিতীয় দিনের সকালের দিকেই হাতে চোট পান লিটন। ক্যারিবীয়ান পেসার জেইডন সিলসের একটি বল সরাসরি আঘাত করে লিটনের হাতে। সঙ্গে সঙ্গেই গ্লাভস খুলে বসে পড়েন তিনি। এরপর ফিজিও গিয়ে প্রায় মিনিট দশেক প্রাথমিক চিকিৎসা দেন তাকে। চিকিৎসা আবারও ব্যাটিং শুরু করেন তিনি।
তবে কয়েক ওভার পরে একই হাতে আবারও একটি বল আঘাত করে লিটনের হাতে। আবারও মাঠে প্রবেশ করে ফিজিও। সেই ব্যাথার কারণেই সম্ভবত বারবার অন্যদের স্ট্রাইকে দিয়ে ননস্ট্রাইকে কিছুটা সময় কাটাতে চাচ্ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক