মিরপুর টেস্ট
লিটন কেন বারবার প্রথম বলেই স্ট্রাইক পরিবর্তন করছিলেন?
দ্বিতীয় দিনে ৭ উইকেট হাতে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। যাওয়া-আসার মিছিলে যোগ দেন তাওহিদ হৃদয়-মেহেদী হাসান মিরাজরা।
তবে ব্যতিক্রম ছিলেন লিটন দাস। গতকাল শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা লিটন আজ মাঠ ছাড়েন অপরাজিত থেকেই। ৮৮ বল খেলে ৩৪ রান করেন তিনি। শেষদিকে তাকে সঙ্গ দিতে এসে দ্রুতই ফিরে গেছেন টেলএন্ডার ব্যাটাররা। সাধারণত এই সময়গুলোতে স্বীকৃত ব্যাটাররা চেষ্টা করেন নিজে স্ট্রাইকে থাকতে। তবে এখানেও ব্যতিক্রম ছিলেন লিটন।
বারবার তিনি ওভারের শুরুতেই টেলএন্ডার ব্যাটারদের স্ট্রাইক দিয়ে নিজে ননস্ট্রাইকে থাকছিলেন। এটা দেখে অনেকেরই প্রশ্ন জাগতে পারে ঠিক কেনো এমনটা করছিলেন লিটন?
সেই প্রশ্নের উত্তর হলো চোট। দ্বিতীয় দিনের সকালের দিকেই হাতে চোট পান লিটন। ক্যারিবীয়ান পেসার জেইডন সিলসের একটি বল সরাসরি আঘাত করে লিটনের হাতে। সঙ্গে সঙ্গেই গ্লাভস খুলে বসে পড়েন তিনি। এরপর ফিজিও গিয়ে প্রায় মিনিট দশেক প্রাথমিক চিকিৎসা দেন তাকে। চিকিৎসা আবারও ব্যাটিং শুরু করেন তিনি।
তবে কয়েক ওভার পরে একই হাতে আবারও একটি বল আঘাত করে লিটনের হাতে। আবারও মাঠে প্রবেশ করে ফিজিও। সেই ব্যাথার কারণেই সম্ভবত বারবার অন্যদের স্ট্রাইকে দিয়ে ননস্ট্রাইকে কিছুটা সময় কাটাতে চাচ্ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক