রোনালদোর বিদায় নিয়ে আক্ষেপ লিনেকারের
ফুটবল শুধু গোল, ট্রফি আর রেকর্ডের খেলা নয়। কিছু খেলোয়াড় সময়কে ছাড়িয়ে হয়ে ওঠেন কোটি মানুষের আবেগের অংশ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো তেমনই দুই কিংবদন্তি। তাই মেসি যখন ভালোবাসা ও সম্মানে বিদায় নিলেন, তখন রোনালদোর ক্যারিয়ারের শেষটা অনিশ্চয়তা ও বিতর্কে ঘেরা থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার।
দুজনেই ফুটবলের ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে জাতীয় দলের জার্সিতে তাদের বিদায়ের চিত্রটা এখন দুই রকম। লিওনেল মেসি মহাসমারোহে সমর্থকদের ভালোবাসা নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন। অন্যদিকে কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অথচ নিজেদের প্রতিভা দিয়ে দুই কিংবদন্তিই কয়েক প্রজন্মের ফুটবলপ্রেমীকে আনন্দ দিয়েছেন। রোনালদোর ক্যারিয়ার তিক্ততার মধ্য দিয়ে শেষ হওয়ার সম্ভাবনাটা তাই ভালো লাগছে না লিনেকারের। সাবেক ইংলিশ স্ট্রাইকারের চোখে, এমন একজন কিংবদন্তির বিদায় আরও বেশি সম্মানের হওয়া উচিত।
পর্তুগাল শিবির ছাড়ার কারণ ব্যাখ্যা করে গত মঙ্গলবার দীর্ঘ একটি বিবৃতি দিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। গত সপ্তাহে হুট করে দল ছাড়ার ঘটনায় কোচ জর্জ জেসুসকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেন তিনি।
অন্যদিকে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রেখেছেন মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তে মেসি যে ভালোবাসা পেয়েছেন, সেটি ছিল অবিশ্বাস্য। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকেরা যেন একসূত্রে গাঁথা ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেসিভক্তরাও ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে।
লিনেকার মনে করেন, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোরও এমন বিদায় প্রাপ্য।
স্টামফোর্ড ব্রিজে ‘লিডার্স উইক’ স্পোর্টস ইন্ডাস্ট্রি কনফারেন্সে সাংবাদিকদের লিনেকার বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক বলেই আমার মনে হয়, কারণ তিনি (রোনালদো) এতটাই দুর্দান্ত এক খেলোয়াড়। পাঁচ বা দশ বছর পর কেউ এই ঘটনার কথা মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব তিনি কতটা মহান ছিলেন। মেসির বিদায়টা ছিল ভীষণ সুন্দর। ক্রিস্টিয়ানোও ঠিক একই রকম বিদায় পাওয়ার যোগ্য।’
নিজেদের বর্ণিল ক্যারিয়ারের বড় একটি সময়জুড়ে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের মুকুটের জন্য লড়াই করেছেন রোনালদো ও মেসি। ৪১ বছর বয়সী রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর জয়ের বিপরীতে মেসি আটবার জিতেছেন এই ট্রফি।

স্পোর্টস ডেস্ক