না খেলেই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
এশিয়ান গেমসে ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে এবার বাংলাদেশসহ বড় চার দলই মুল দল পাঠিয়েছে। কিন্তু প্রকৃতি যেন সেটি মেনে নিচ্ছে না। একের পর এক বৃষ্টির কারণে ভেস্তে যাচ্ছে ম্যাচ। যে কারণে ক্রিকেটের উত্তাপই মাটি হয়ে যাচ্ছে। এবার সেই ধারায় মাঠে গড়াল না কোয়ার্টার ফাইনালের প্রথম দুটি ম্যাচই।
কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামার কথা ছিল ভারত আর পাকিস্তানের। কিন্তু বৃষ্টি বাধায় একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এতে অবশ্য ভারত কিংবা পাকিস্তানকে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, প্রথম পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। সেই নিয়মেই লড়াই করারও সুযোগ পায়নি হংকং আর আফগানিস্তান।
দিনের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। এ ম্যাচে টস হওয়া তো দূরে থাক, খেলা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। অনেকক্ষণ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
প্রথম ম্যাচের ওই অবস্থা দেখে শঙ্কা তৈরি হয়েছিল ভারত আর আফগানিস্তান ম্যাচ নিয়েও। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়। মাঠে গড়ায়নি এই দুই দলের লড়াইও। ফলে এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আর বিদায় নিয়েছে আফগানিস্তান।
পরের দুই কোয়ার্টার-ফাইনাল মঙ্গলবার। শ্রীলঙ্কা ও নেপালের লড়াইয়ে জয়ী দল সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচের জয়ী দল লড়বে পাকিস্তানের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক