ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন অধিনায়ক
এশিয়ান গেমসের ফাইনালে যাওয়ার লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। সাদামাটা বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় বড় ১১৪ রানের ব্যবধানে হেরেলে বাংলাদেশ। ১৯৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মোটে ৮১ রানেই।
ভারতের বিপক্ষে পুরো ইনিংসে বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারে। সর্বোচ্চ রান ছিল ২৩ বলে ২৭ রান। এমন ব্যর্থতার পরও নিজেদের দায় দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জ্যোতি বলেন, এমন হারকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। হারের অজুহাত হিসেবে সামনে আনলেন দুই দলের পার্থক্য। জ্যোতি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি বাংলাদেশ। নিজেদের রানের খড়ার দিনেও ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ অধিনায়কের কাছে বেশ স্বাভাবিক ব্যাপার। এনিয়ে তিনি ব্যাটারদের দোষ দিতে চান না। জ্যোতি বলেন, ‘এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো।’
অথচ এই একই উইকেটে আগের ম্যাচে পাকিস্তানের দেয়া বড় রান তারা করে জিতেছে শ্রীলঙ্কা। এমনকি ভারতের ওপেনার শেফালী ভার্মাও করেছেন সেঞ্চুরী। হাত খুলে খেলেছেন স্মৃতি মান্ধানা, হারমানপ্রী কৌররাও। সেই উইকেটে বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় কেন?
সেই প্রশ্নের জবাবে জ্যোতি জানান, এমন ব্যাটিং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একদমই না (এমন ব্যাটিং)। দেখেন, যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’
এশিয়া কাপের পর টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জ্যোতি। অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’

স্পোর্টস ডেস্ক