আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় শত্রু যে চোট, জোয়াও পেদ্রোর ক্ষেত্রে যেন সেই কথাটিই আবারও প্রমাণিত হলো। কথা ছিল ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠ মাতাবেন। কিন্তু চোটের কারণে ছিলেন না দলেই। সেই চোট কাটিয়ে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে আবারও দল থেকে ছিটকে গেছেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
২০২৬ বিশ্বকাপের হতাশা ভুলে সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে ভারতের বিপক্ষে একটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলের। বিশ্বকাপের হতাশা ভুলে নতুন করে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনায় চেলসির হয়ে দুর্দান্ত পারফর্ম করা জোয়াও পেদ্রোকেও দলে রেখেছিলেন এই ইতালিয়ান কোচ।
তবে চেলসির হয়ে হাল সিটির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
শনিবার (১২ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির মুখোমুখি হয় চেলসি। ম্যাচটিতে জাবি আলোনসোর দলের হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন পেদ্রো। তবে ম্যাচ চলাকালীন হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। যদিও তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, চোটের কারণে ছিটকে যাওয়া পেদ্রোর পরিবর্তে অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য ফ্লুমিনেন্সের মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লিকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে খেলবে তারা। এই তিন ম্যাচকে সামনে রেখে গত ৯ সেপ্টেম্বর ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন কার্লো আনচেলত্তি।
ঘোষিত স্কোয়াডে বিশ্বকাপের আগে চোটের কারণে দলে না থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এস্তেভাও ও ডিফেন্ডার ওয়েসলি। পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া।

স্পোর্টস ডেস্ক