সাফে বাংলাদেশের খেলা কবে, কখন?
দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। একবারই এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলা হয়েছে বাংলাদেশের। ২০০৩ সালে সেই শিরোপা জয়ের পর কেটে প্রায় দুই যুগ কিন্তু সাফে সেভাবে বাংলাদেশের সাফল্য নেই আর। আবারও সুযোগ আসছে বাংলাদেশের। কারণ দীর্ঘ আট বছর পর বাংলাদেশে বসতে যাচ্ছে সাফের আসর।
আগামী ৫ নভেম্বর পর্দা উঠবে সাফের এবারের আসরের। পর্দা নামবে ১৭ নভেম্বর। এর আগে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
টুর্নামেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। আগামী ৫ নভেম্বর উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরপর ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচটিও শুরু হবে রাত ৮টায়।
অন্যদিকে, ৫ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ ও ভুটান ম্যাচের আগে বিকেল সাড়ে ৩টায় হাইবোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় পাকিস্তান খেলবে মালদ্বীপের বিপক্ষে। একই দিন রাত ৮টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভুটান। ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের শেষ ম্যাজে মাঠে নামবে ভারত ও মালদ্বীপ।
গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর রাত ৮টায়।
তবে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ নভেম্বরের পর পরিস্থিতি বিবেচনায় সূচিতে পরিবর্তন আসতে পারে। কারণ ফিফা থেকে নিষেধাজ্ঞার কারণে এই সূচিতে রাখা হয়নি নেপালকে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা কাটাতে পারে তাহলে সূচিতে আবারও পরিবর্তন আসতে পারে।

স্পোর্টস ডেস্ক