জাতীয় দলের ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিলেন টমাস ডুলি
ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বর্তমানে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের জন্য প্রাথমিক স্কোয়াডে ঘরোয়া লিগের ২৮ জন ফুটবলারের পাশাপাশি বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড়কেও ডেকেছিলেন কোচ টমাস ডুলি। তবে ক্যাম্প শুরুর পর থেকে ধারাবাহিক অনুশীলনের মূল্যায়নে দল কিছুটা ছোট করতে শুরু করেছেন প্রধান কোচ।
জানা গেছে, জাতীয় দলের ক্যাম্প থেকে ছয়জন ফুটবলারকে বাদ দিয়েছেন ডুলি। দল থেকে বাদ পড়া ফুটবলাররা হলেন— দুই প্রবাসী ফুটবলার ইয়াসিদ তাহমিদ ও দেবজিত সরকার এবং ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল। এর মধ্যে রাহুল অবশ্য এখনো দলের সঙ্গেই রয়েছেন।
ছয় ফুটবলারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় ছয়জন ফুটবলার বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’
বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে ইসা ফয়সাল দেশের ফুটবলের পরিচিত মুখ ও পরীক্ষিত ফুলব্যাক। আগের কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনাতে না থাকায় গত এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে টমাস ডুলির অধীনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের অভিষেক ম্যাচে প্রথম একাদশেই সুযোগ পেয়েছিলেন ইসা। কিন্তু ভাগ্য সহায় হয়নি, আসিয়ান কাপের মূল স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনি।
এছাড়া সান মারিনো সফরে দলের সঙ্গে থাকা মিডফিল্ডার কাজেম শাহ ও ডিফেন্ডার তাজ উদ্দিনও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি।
অন্যদিকে, প্রবাসী ফুটবলারদের মধ্যে ইয়াসিদ তাহমিদ ও দেবজিৎ সরকার ক্যাম্পের অনুশীলনে কোচের মন জয় করতে পারেননি। তবে আরেক আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঠিকই কোচের নজর কাড়তে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে হোটেল ছেড়ে নিজেদের ঠিকানায় ফিরে গেছেন কাজেম, ইসা ও তাজ উদ্দিন।
খেলোয়াড়দের বাদ পড়া নিয়ে বাফুফে বা কোচ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ পরিষ্কার করেনি এখনো। তবে ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট পজিশনে অতিরিক্ত বিকল্প খেলোয়াড় থাকায় কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোচ ডুলি।
আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া আসিয়ান কাপে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আগামীকাল ঢাকায় ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

স্পোর্টস ডেস্ক