রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও চালুকরণ কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য চতুর্থ চালানের ইউরেনিয়াম জ্বালানি পৌঁছেছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি কাভার্ড ভ্যানে করে জ্বালানি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এদিকে, প্রথম ইউনিটে ইতোমধ্যে শুরু হয়েছে স্টার্টআপ স্টেজ-সি কার্যক্রম, যার মাধ্যমে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহিদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, প্রথম ইউনিটে স্টার্টআপ স্টেজ-সি কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্রটির চালুকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ পর্যায়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা, সিস্টেমের কার্যকারিতা যাচাই এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হয়।
অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের জন্য চতুর্থ ইউরেনিয়াম চালান পৌঁছানোয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এর ফলে দ্বিতীয় ইউনিটের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতিও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের জাতীয় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা