চ্যাম্পিয়ন্স লিগের রাতে ইউরোপে আলো ছড়ালেন বাংলাদেশি দুই তারকা
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ লড়াই চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। স্বাভাবিকভাবেই প্রেমীদের নজর ছিল এই ম্যাচগুলোতে। এর কোনোটিতেই অবশ্য নেই বাংলাদেশি কোনো ফুটবলার, থাকার কথাও নয়। তবে, চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট এই রাতেও ইউরোপিয়ান ফুটবলে নজর কেড়েছেন দুই বাংলাদেশি তারকা।
গত রাতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী আর ন্যাশনাল লিগে মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তারকা ফারহান আলী ওয়াহিদ। নিজ নিজ ক্লাবের হয়ে দুজনই আলো ছড়িয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে মাঠে নামে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার। শেফিল্ড ইউনাইটেড শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয়। হামজা প্রায় ৫৮ মিনিট মাঠে থেকে দলের জন্যে মাঝমাঠে নিজের দায়িত্ব পালন করেন। গোল না পেলেও নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা নজর কেড়েছেন তিনি। পরিসংখ্যানভিত্তিক ফুটবল প্ল্যাটফর্ম সোফাস্কোরের হিসাবে, তার পারফরম্যান্স রেটিং ছিল ৮.০।
নতুন ক্লাবে হামজার শুরুটাও তাই ইতিবাচক। লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পর নিয়মিত একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছেন তিনি। ক্লাবটির জন্য অবশ্য সৌভাগ্যই বয়ে নিয়ে গেছেন বাংলাদেশের সুপারস্টার। তিনি ক্লাবে যোগ দেওয়ার পর সবগুলো ম্যাচেই জয় পেয়েছে শেফিল্ড।
অন্যদিকে, একই রাতে ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপে মাঠে নেমেছিল ফারহান আলী ওয়াহিদের বোরেহাম উড। তাদের প্রতিপক্ষ ছিল নিউক্যাসল ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দল। ফারহান আলীও ছিলেন বোরেহামের শুরুর একাদশে। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বোরেহাম।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বোরেহাম। এক গোলে পিছিয়ে থেকেই বিরতি যায় তারা। বিরতি থেকে ফিরে দলকে সমতা এনে দেন ফারহান। দুর্দান্ত প্লেসিং শটে নিউক্যাসেল অনূর্ধ্ব-২১ দলের জালে বল জড়ান তিনি। এরপর দলের জয় সূচক গোলেও অবদান রেখেছেন তিনি। বাংলাদেশি এই তরুণ তারকার অ্যাসিস্ট থেকেই আসে জয় সূচক গোলটি।
চ্যাম্পিয়ন্স লিগের আনন্দ হয়তো আলাদা। ফুটবলপ্রেমীরা বিনোদন পান বিশ্বের সেরা তারকাদের পারফরম্যান্স দেখে। তবে তারকাদের সেই আলো ঝলমল মঞ্চের বাইরেও বাংলাদেশি সমর্থকদের জন্য আলাদা জায়গা করে নিয়েছিল এই দুই তারকার ম্যাচ। তারাও সমর্থকদের হতাশ করেননি।

স্পোর্টস ডেস্ক