বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত আর পাকিস্তান। যেই দুই দলের ম্যাচের জন্য অপেক্ষায় থাকেন কোটি সমর্থক। বাণিজ্যিক বাজারও মন্দ নয়। কিন্তু এই দুই দলের মাঠে নামা হয় কালে-ভদ্রে। রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় হলো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মুখোমুখি হয় না ভারত আর পাকিস্তান। যা দেখা হয়, সেটাও ওই বৈশ্বিক কোনো আসরেই।
এবার আইসিসি ইভেন্ট ছাড়াও ভারত-পাকিস্তানকে মুখোমুখি করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ নাহলেও ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় কিংবা চার জাতির সিরিজ আয়োজনের নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি।
অনলাইন ব্রডকাস্ট প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ অনেক বছর ধরেই ভারতকে সঙ্গে নিয়ে তিন বা চার জাতির টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, আসন্ন আইসিসির বৈঠকে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও মূল্যায়ন হতে পারে।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির ‘ভবিষ্যৎ সফর কর্মসূচি’ বা এফটিপির সেমিনার। যেখানে টেস্ট খেলুড়ে ১২টি দেশের পাশাপাশি ৮টি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
আসন্ন এই বৈঠকে একটি সাধারণ দ্বিপাক্ষিক ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের তুলনায় বহুজাতিক টুর্নামেন্টের আর্থিক লাভ ও বাণিজ্যিক সম্ভাবনা কেমন হতে পারে, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে এই আসরে তৃতীয় বা চতুর্থ দল হিসেবে আরও এক বা দুটি দেশকে যুক্ত করা হতে পারে।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক ও নানা জটিলতার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বোর্ডের অনীহা থাকলেও, কোনো বহুজাতিক টুর্নামেন্টে তাদের বিপক্ষে মাঠে নামতে বিসিসিআইয়ের কোনো আপত্তি নেই। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় শর্ত হলো দুই দেশের সরকারের সবুজ সংকেত পাওয়া।
সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, এই বহুজাতিক সিরিজের প্রস্তাব শেষ পর্যন্ত চূড়ান্ত হলে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হাইভোল্টেজ এই ভারত-পাকিস্তান লড়াই আয়োজন করা হতে পারে।

স্পোর্টস ডেস্ক