জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত, কবে-কখন ম্যাচ?
ক্রিকেটের বিশ্বমঞ্চে জাপান এখনো বড় কোনো শক্তি নয়। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ৪১তম। অথচ সেই জাপানের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে টানা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। তবে ম্যাচটির পেছনে ক্রিকেটের চেয়েও বড় একটি কারণ রয়েছে।
ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ এই ম্যাচ। খেলাধুলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির শীর্ষ বৈঠকে হওয়া সমঝোতার ধারাবাহিকতাতেই আয়োজন করা হচ্ছে ভারত-জাপানের এই টি-টোয়েন্টি ম্যাচ।
এদিকে সামনে এশিয়ান গেমস। জাপানেই বসতে যাচ্ছে গেমসের ২০তম আসর। ১৯ সেপ্টেম্বর শুরু হবে ক্রিকেটের লড়াই। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় গ্রুপ পর্বে খেলতে হবে না তাদের। ফলে এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে জাপানের বিপক্ষে সেই ভেন্যুতেই প্রস্তুতির সুযোগ পাচ্ছে ভারত।
অন্যদিকে, স্বাগতিক জাপান ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান শুরু করবে।
ভারতের বিপক্ষে এটিই হবে জাপানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। জাপানের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজির কাছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানানো দেশটির ক্রিকেটের জন্য একটি মাইলফলক।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, ক্রিকেটের প্রচলিত শক্তিকেন্দ্রের বাইরে ভারতীয় দলের এই সফর পূর্ব এশিয়ায় ক্রিকেটকে আরও জনপ্রিয় করার সুযোগ তৈরি করবে।
জাপান হতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ। আর জাপানের জন্য ম্যাচটি হবে আরও বিশেষ-- কারণ প্রথমবারের মতো কোনো আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

স্পোর্টস ডেস্ক