যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির মোবাইলফোন জব্দ, তদন্তে নতুন মোড়
বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্র ছাড়ার ঠিক আগমুহূর্তে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া। একই সঙ্গে তার মোবাইল ফোন জব্দের দাবিও সামনে এসেছে। যদিও পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাপিয়াসহ এএফএর কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন এফবিআই কর্মকর্তারা। এ ঘটনায় আর্জেন্টিনা দলের চার্টার্ড বিমানের উড্ডয়ন ২ ঘণ্টারও বেশি বিলম্বিত হয় বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডেন্টারের সঙ্গে এএফএর বাণিজ্যিক লেনদেন এবং প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থের গতিপথ নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে আগামী ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সাক্ষ্য দিতে তাপিয়াকে তলব করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন–এর বরাত দিয়ে বলা হয়েছে, তদন্তের কেন্দ্রে থাকা প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে প্রায় ৪০ মিলিয়ন ডলার এমন কয়েকটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে, যেগুলোর কোনো প্রকৃত অর্থনৈতিক কার্যক্রম নেই বলে অভিযোগ রয়েছে।
এদিকে কয়েকটি প্রতিবেদনে তাপিয়ার মোবাইল ফোন ও কয়েকজন কর্মকর্তার ইলেকট্রনিক যন্ত্র জব্দের দাবি করা হলেও তা অস্বীকার করেছে এএফএ।
সংস্থাটি জানিয়েছে, তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে কোনো মার্কিন আদালত তলব করেনি এবং তাদের কোনো ইলেকট্রনিক যন্ত্রও জব্দ করা হয়নি। এফবিআইও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

স্পোর্টস ডেস্ক