মেসি কী আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন?
উনচল্লিশ বছরে পা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই বয়সে অনেকেই বুটজোড়া তুলে রাখেন। তবে মেসি বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো দাঁপিয়ে বেড়াচ্ছেন মাঠ। এবারের বিশ্বকাপেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। ৮টি গোলের সঙ্গে ৪টি অ্যাসিস্টও ছিল তার নামের পাশে।
মেসি কবে বুট জোড়া তুলে রাখবেন, সেই আলোচনা বেশ পুরোনো। এর আগে অভিমানে বিদায় বলার পর আবার ফিরেছিলেন কোচের অনুরোধে। এরপর ২০২২ সালে কাতারের মরুভূমিতে নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেছেন বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে।
অনেকেই ধারণা করেছিলেন, ২০২২ বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। তবে সবাইকে ভুল প্রমাণ করে ২০২৬ বিশ্বকাপেও নিজের ফুটবল জাদুতে মুগ্ধতা ছড়ালেন মেসি। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে সেই পুরোনো আলোচনা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে– বিশ্বকাপ শেষেই কী তবে বিদায় বলবেন মেসি?
তবে এই প্রশ্নের আনুষ্ঠানিক কোনো উত্তর এখনো দেননি মেসি। আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরের বিষয়ে মেসি তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এমনকি অবসরের কোনো ইঙ্গিতও দেননি মেসি।
বিশ্বকাপের মাঝে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকেও প্রশ্ন করা হয়েছিল মেসির অবসর নিয়ে। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, মেসি অবসর নেবেন কিনা, সেটি আমি কীভাবে বলব?
অন্যদিকে, ইতোমধ্যে ২০৩০ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী উরুগুয়েকে সম্মান জানাতে শতবর্ষের বিশেষ আয়োজন হিসেবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এ কারণে এই তিন দেশও স্বাগতিকের মর্যাদা পেয়েছে এবং সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনেও গণমাধ্যমের মুখোমুখি হননি মেসি। এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মেসি। সেখানেও কেবল হারের কষ্টের কথাই উল্লেখ করেছেন মেসি। অবসর নিয়ে কোনো ভাবনার কথা জানাননি। ফলে স্পেনের বিপক্ষেই মেসির শেষ ম্যাচ ছিল কিনা, সেই ধোঁয়াশা কাটছে না।

স্পোর্টস ডেস্ক