বিশ্বকাপ ফাইনালের আগে দোটানায় স্কালোনির পরিবার
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এক ভিন্ন রকম আবেগের গল্প উঠে এসেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবারে। স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ের আগে তিনি জানিয়েছেন, পরিবারের একাংশের জন্য এটি কঠিন পরিস্থিতি হলেও শেষ পর্যন্ত তারা আর্জেন্টিনাকেই সমর্থন করবে।
ফাইনালের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমার স্ত্রী এবং সন্তানরা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে, আর্জেন্টিনার পক্ষে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও সে খুব ভালো করেই বোঝে, আমি ভেতরে কী অনুভব করি এবং কতটা চাপের মধ্যে থাকি। আর আমার সন্তানদের কথা তো বলাই বাহুল্য।’
স্কালোনির স্ত্রী এলিসা মনতেরো স্পেনের নাগরিক। ২০০৮ সালে মায়োর্কায় খেলার সময় তাদের পরিচয় হয়। পরে তাদের দুই সন্তান ইয়ান ও নোয়া জন্ম নেয় স্পেনেই। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে স্পেনের সম্পর্ক গভীর হলেও বাবার কারণে তারা আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছে।
২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ের সময় স্কালোনির সন্তানদের আর্জেন্টিনার জার্সি পরে উদযাপন করতে দেখা গেছে। সেসময় তারা দলের খেলোয়াড়দের সঙ্গে ছবিও তুলেছিল।
স্কালোনি অবশ্য জানিয়েছেন পরিবারের সবার অবস্থান এক নয়। তিনি বলেন, ‘মায়োর্কায় আমার স্ত্রীর পরিবার আছে, তাদের অনেকেরই মন দুই ভাগ হয়ে আছে। তাদের জন্য এটি সত্যিই কঠিন একটি পরিস্থিতি এবং আমি সেটা বুঝি। যা-ই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই থাকবে।’
আগামীকাল রোববার (১৯জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিততে পারলে কোচ হিসেবে স্কালোনির হাতে উঠবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, যা হবে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে এক বিশেষ অর্জন।

স্পোর্টস ডেস্ক