হারের কারণ হিসেবে যা বললেন এমবাপ্পে
টানা তৃতীয় ফাইনাল খেলা হলো না ফ্রান্সের। স্পেনের বিপক্ষে প্রথম সেমিফাইনালে নিজেদের সেরা ফুটবল খেলতে ব্যর্থ হয়ে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। ম্যাচ শেষে হতাশা লুকাননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
তারকা এই ফুটবলার অকপটে স্বীকার করেছেন, প্রযুক্তিগত, কৌশলগত ও প্রেসিং সব দিক থেকেই পিছিয়ে ছিল তার দল। এমবাপ্পের মতে, বিশ্বকাপের ফাইনালে ওঠার মতো যোগ্যতা ফ্রান্স দেখাতে পারেনি।
ডালাস স্টেডিয়ামে হারের এই ম্যাচে পুরো টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো গোল করতে পারেনি ফ্রান্স। একই সঙ্গে এমবাপ্পের ক্যারিয়ারেও এটিই প্রথম বিশ্বকাপ, যেখানে তিনি ফ্রান্সকে ফাইনালে তুলতে পারেননি। এর আগে টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন তিনি। স্পেনের বিপক্ষে তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি অধিনায়ক।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, 'আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, প্রযুক্তিগত দিক থেকেও, কৌশলগত দিক থেকেও। বিশ্বকাপের সেমিফাইনালে যে কাজগুলো করার কথা, সেগুলো করতে না পারলে জেতা যায় না। স্পেন তাদের পরিকল্পনায় অটল ছিল।'
ফরাসি অধিনায়ক আরও বলেন, 'ম্যাচের শুরু থেকেই আমরা প্রেসিংয়ে ভুল করেছি। স্পেনের বিপক্ষে একজনের বিপরীতে একজনকে প্রেস করতে হয়, কিন্তু আমরা তা করতে পারিনি। বল পুনরুদ্ধারের পরও আমাদের প্রথম টাচ ও অফ দ্য বল মুভমেন্ট সেমিফাইনালের মানের ছিল না। সত্যি বলতে, বিশ্বকাপের ফাইনালে ওঠার মতো কিছু আমরা দেখাতে পারিনি।'

স্পোর্টস ডেস্ক